Sultan Mahmud 22 June 2025 , 6:36 pm
তিবছর হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষা নিতে অস্ট্রেলিয়ায় আসেন। আপনি যদি অস্ট্রেলিয়ায় পড়ালেখার স্বপ্ন দেখে থাকেন, তাহলে প্রস্তুতি নেওয়ার এখনই সময়।
অস্ট্রেলিয়া অ্যাওয়ার্ডস স্কলারশিপ নিয়ে আমি এখানকার মোনাশ ইউনিভার্সিটিতে স্নাতকোত্তর করেছি। এখন পূর্ণ বৃত্তি নিয়ে গ্রিফিথ ইউনিভার্সিটিতে পিএইচডি করছি। এই যাত্রাপথে যা শিখেছি, সেটাই আপনাদের সঙ্গে ভাগাভাগি করে নিতে চাই।
উচ্চশিক্ষার প্রথম ধাপ হলো আপনি কোন বিষয়ে পড়তে চান, তা নির্ধারণ করা। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলো স্নাতক, স্নাতকোত্তর ও পিএইচডি পর্যায়ে নানা রকম কোর্স অফার করে। আগ্রহ, ভবিষ্যৎ লক্ষ্য ও পেশাগত চাহিদা অনুযায়ী কোর্স বাছাই করা খুব গুরুত্বপূর্ণ। তাই প্রথমেই কোন বিষয়ে আপনার আগ্রহ বা দক্ষতা আছে, ভবিষ্যতে কী করতে চান, এই প্রশ্নগুলোর মীমাংসা করে ফেলুন।
যদি মাস্টার্স করতে আগ্রহী হন, তবে জেনে রাখুন, অস্ট্রেলিয়ায় আপনি কোর্সওয়ার্কভিত্তিক ও গবেষণাধর্মী—দুই ধরনের প্রোগ্রামেই উচ্চশিক্ষা গ্রহণ করতে পারবেন। এখানে গবেষণাধর্মী মাস্টার্স প্রোগ্রাম সাধারণত এমফিল বা ‘মাস্টার্স বাই রিসার্চ’ নামে পরিচিত। তা ছাড়া কোর্সওয়ার্কভিত্তিক মাস্টার্সেও গবেষণা বা থিসিস করতে হতে পারে। তবে সেটা কোর্সের ধরনের ওপর নির্ভর করে। আপনি কি শিক্ষা ও গবেষণায় ক্যারিয়ার গড়তে চান, নাকি চাকরিমুখী দক্ষতা অর্জন করতে চান? এসব প্রশ্নের উত্তরই আপনাকে পথ দেখাবে। আপনি বুঝতে পারবেন, কোন ধরনের মাস্টার্স বা পিএইচডি আপনি বেছে নেবেন।
একবার লক্ষ্য নির্ধারণ করা হলে উপযুক্ত বিশ্ববিদ্যালয় ও প্রোগ্রাম খোঁজা শুরু করুন। অস্ট্রেলিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর ওয়েবসাইটে প্রোগ্রামের ধরন, ভর্তির প্রয়োজনীয় যোগ্যতা, শিক্ষকের প্রোফাইল ও গবেষণার ক্ষেত্র বিস্তারিতভাবে দেওয়া থাকে। বিশেষ করে যাঁরা পিএইচডির জন্য আগ্রহী, তাঁদের ক্ষেত্রে সুপারভাইজার খুঁজে নেওয়াটা গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটেই ‘ফ্যাকাল্টি প্রোফাইল’ পেয়ে যাবেন, যেখান থেকে বিস্তারিত জেনে নিতে পারবেন।
আইইএলটিএস, টোয়েফল বা পিটিই—যেকোনো একটি পরীক্ষার মাধ্যমে ইংরেজি ভাষার দক্ষতা আপনাকে প্রমাণ করতে হবে। কোন পরীক্ষাটি আপনার জন্য প্রযোজ্য হবে, সেটিও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পেয়ে যাবেন। সাধারণত আইইএলটিএসে সব মিলিয়ে ৭ (লিসেনিং, রাইটিং, রিডিং, স্পিকিং—প্রতিটিতে আলাদা করে ৭) বা সমমানের স্কোর প্রয়োজন হয়। তবে মাস্টার্স বা পিএইচডিভেদে এই স্কোর কম বা বেশি হতে পারে।















