অপরাধ

পঞ্চগড়ে প্রতিবন্ধী মেয়েকে উত্ত্যক্তের জের, মামলার পর থানায় লিখিত অভিযোগ

  Sultan Mahmud 11 June 2026 , 2:20 pm

মোঃ ফরহাদ ফেরদৌস: পঞ্চগড় সদর উপজেলার ধাকামারা ইউনিয়নের বুড়িরবানে শ্রবণ ও বাক প্রতিবন্ধী মেয়েকে উত্ত্যক্তের অভিযোগে মামলা করার পর বাদী পরিবারকে হুমকি ও হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী শিবির চন্দ্র সরকার বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের তারিখ ২১/০৫/২০২৬।

অভিযোগে বলা হয়, বুড়িরবান গ্রামের শিবির চন্দ্র সরকার, পিতা নন্দ দুলাল সরকারের মেয়ে রানী সরকারকে পাশের বাড়ির হরলাল রায়, পিতা মৃত মহেন্দ্র পন্ডিত দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে উত্ত্যক্ত করে আসছিলেন। এর প্রতিকার চেয়ে ভুক্তভোগী পরিবার গত ০৫/০৫/২০২৬ তারিখে পঞ্চগড় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নারী ও শিশু নির্যাতন দমন আইন ৯(৪)খ/৩০ ধারায় মামলা করেন। মামলা নং সিআর ৪১/২০২৫।

মামলা হওয়ার পর ১নং বিবাদী হরলাল রায় ক্ষিপ্ত হয়ে ওঠেন। অভিযোগ অনুযায়ী, গত ০৭/০৬/২০২৬ দুপুর ২টার দিকে হরলাল রায়সহ আরও ৯ জন বিবাদী লাঠিসোটা, ধারালো ছোরা ও দেশীয় অস্ত্র নিয়ে শিবির চন্দ্রের বাড়ির সামনে এসে অশ্লীল ভাষায় গালিগালাজ ও প্রাণনাশের হুমকি দেয়। বিবাদীরা বাদীকে বলে, “বাড়ি থেকে বের হলে তোর স্ত্রী-সন্তানকে তুলে নিয়ে ইজ্জতহানি করব, শেষ করে দেব।”

পরিস্থিতি বেগতিক দেখে বাদী ত্রিপল নাই নম্বরে কল দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

বাদী শিবির চন্দ্র সরকার বলেন, “মামলা করার পর থেকে আমরা বাড়িতে থাকতে পারছি না। প্রতিদিন হুমকি দিচ্ছে। আমি ও আমার স্ত্রী-সন্তান চরম নিরাপত্তাহীনতায় আছি।”

পঞ্চগড় সদর থানার অফিসার ইনচার্জ আশরাফুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আরও খবর:

Sponsered content