editor 11 April 2026 , 12:01 pm
নিজস্ব প্রতিনিধি :
“খুঁটির দান” নয়—মেধা ও যোগ্যতার ভিত্তিতে কমিটি গঠনের আহ্বান করেছে এডভোকেট এ এন এম ঈসা।
টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের জনক এবং বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট এ এন এম ঈসা
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)সহ দেশের সকল কমিটি মেধা ও যোগ্যতার ভিত্তিতে গঠনের জন্য জোরালো আহ্বান জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, “খুঁটির দান, বাবার দান, মামার দান কিংবা টাকার দানের মাধ্যমে গঠিত তথাকথিত ‘পকেট কমিটি’ দেশের জন্য ক্ষতিকর। এই ধরনের কমিটি স্বচ্ছতা, জবাবদিহিতা ও দক্ষতাকে বাধাগ্রস্ত করে এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দুর্বল করে দেয়।”
তিনি আরও বলেন, বাংলাদেশের প্রত্যেক প্রবাসী নাগরিক দেশের একেকজন প্রতিনিধি বা ‘এম্বাসেডর’। তাদের ভালো কাজ দেশের সুনাম বৃদ্ধি করে, আর খারাপ কাজ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করে। কিন্তু দেশের অভ্যন্তরে যদি সরকার হঠকারী বা বিতর্কিত সিদ্ধান্ত গ্রহণ করে, তার নেতিবাচক প্রভাব প্রবাসীদের ওপরও পড়ে।
অ্যাডভোকেট এ এন এম ঈসা বলেন, “সরকারের প্রতিটি সিদ্ধান্ত হতে হবে বিচক্ষণ, দায়িত্বশীল এবং দীর্ঘমেয়াদি কল্যাণের কথা বিবেচনায় রেখে। ব্যক্তিগত প্রভাব, স্বজনপ্রীতি বা অর্থের বিনিময়ে দায়িত্ব বণ্টনের সংস্কৃতি থেকে বেরিয়ে এসে যোগ্য ও দক্ষ ব্যক্তিদের হাতে দায়িত্ব তুলে দিতে হবে।”
তিনি বিসিবির মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের উদাহরণ তুলে ধরে বলেন, ক্রিকেট শুধু একটি খেলা নয়, এটি দেশের মর্যাদা ও জাতীয় পরিচয়ের অংশ। তাই এখানে কোনো ধরনের অনিয়ম বা অযোগ্যতা বরদাস্ত করা উচিত নয়।
বিবৃতিতে তিনি সরকারকে আহ্বান জানিয়ে বলেন, দেশের সার্বিক উন্নয়ন, সুশাসন এবং আন্তর্জাতিক অঙ্গনে ইতিবাচক ভাবমূর্তি বজায় রাখতে হলে মেধা, যোগ্যতা ও সততার ভিত্তিতে সকল কমিটি ও প্রতিষ্ঠান গঠন নিশ্চিত করতে হবে।
বিনীত
অ্যাডভোকেট এ এন এম ঈসা.
টিপাইমুখ বাঁধ প্রতিরোধ আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক.
















